
| Headline : |
|
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
বিশেষ প্রতিনিধি:
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৪ আগস্ট, ২০২৬) :-
বৃহত্তর সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট, ২০২৬) সকাল থেকে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ইএনটি (নাক, কান, গলা) ও সাধারণ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জটিলতায় ভোগা অসচ্ছল রোগীদের সরাসরি চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করে। মেডিকেল ক্যাম্পটির সামগ্রিক চিকিৎসাসেবা প্রদান, পরামর্শ ও দিকনির্দেশনায় নেতৃত্ব দেন বিশিষ্ট নাক, কান ও গলা বিশেষজ্ঞ এবং জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও চিকিৎসা সহায়তা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। তিনি বলেন, জালালাবাদ এসোসিয়েশন দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত যেসব মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। মেডিকেল ক্যাম্পটিতে সিলেট অঞ্চলের অসচ্ছল অধিবাসীসহ বিভিন্ন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ সেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবা গ্রহণ করতে আসা একাধিক রোগী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের বিনামূল্যে পরামর্শ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার জানান, সিলেট অঞ্চল ও দেশের সার্বিক কল্যাণে এ ধরনের মানবিক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে। |