
| Headline : |
|
নোবেল পুরস্কারের গুরুত্বপূর্ণ তথ্যাবলী
।। বার্তা প্রস্তুত :- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৭ অক্টোবর, ২০২৪) :-
![]() নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের বাইরে আলফ্রেড নোবেলের মূর্তি। এখান থেকেই শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ছবি: রয়টার্স। ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। নোবেল পুরস্কার কি? সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। মৃত্যুর আগে ১৮৯৫ সালে অর্জিত সব অর্থ দান করে একটি উইল করেন তিনি। উইলে বলা হয়েছে ‘যারা গত বছর মানবকল্যাণে সর্বোত্তম অবদান রেখেছে তাদের’ পুরস্কৃত করার জন্য ওই বছর তার সম্পদ ব্যবহার করা হবে। নোবেল ১৮৯৫ সালে মারা যান। কিন্তু তার উইলের ওপর আইনি লড়াইয়ের পর ১৯০১ সালে প্রথম পুরস্কার দেওয়া হয়। মনোনয়ন কমিটি নোবেল তার উইলে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, সাহিত্য পুরস্কারের জন্য সুইডিশ একাডেমি, চিকিৎসার জন্য সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট এবং শান্তির জন্য নরওয়ের সংসদকে দায়িত্ব দিয়ে যান। তবে কেন তিনি নরওয়েকে বেছে নিয়েছিলেন তা আজও রহস্য। ওই সময় নরওয়ে সুইডেনের সঙ্গে একই ইউনিয়নে ছিল।পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে। এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস নির্ধারণ করে। মনোনয়ন প্রক্রিয়া নোবেল পুরস্কারের জন্য কাউকে প্রাথমিক মনোনয়ন দেয়ার বিষয়টি নোবেল কমিটিগুলো নিজেরা করে না। এ কাজটি করে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তারা কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনকে পুরস্কারের জন্য যোগ্য মনে করলে তাকে বা ওই প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারেন। তবে কেউ তার নিজের নাম বা প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারবেন না। বিশ্বের যে কোনও প্রান্তের যেকোনও দেশের মানুষই এ মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। ২০২৪ সালের বিজয়ী নির্ধারণের জন্য ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শুরুতেই মনোনয়নকারীদের কাছে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম মনোনীত করার আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়। মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ২০২৪ সালের ৩১ জানুয়ারি। উৎসব নোবেল পুরস্কারগুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ১০ ডিসেম্বর,নোবেলের মৃত্যুবার্ষিকীতে। ওইদিন সন্ধ্যায় প্রায় ১ হাজার ৩০০ অতিথি স্টকহোম সিটি হলে উপস্থিত হয়ে রাত্রিকালীন ভোজে অংশ নেন। এই ভোজও নোবেল পুরস্কার বিজয়ীদের উৎসবের প্রধান আকর্ষণ। কারণ ভোজের মেনু উৎসবের দিন পর্যন্ত গোপন রাখা হয়। এছাড়া ভোজে পরিবেশিত আইটেমগুলো রান্নার জন্য এক মাস আগে থেকে শেফ নির্বাচন করা হয়। পুরস্কারের মূল্যমান নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য ১ কোটি ১০ লাখ ক্রোনার। অর্থাৎ ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। এক মার্কিন ডলারে ১০.১৫০৯ সুইডিশ ক্রোনার পাওয়া যায়। এছাড়া সাহিত্যে নোবেল পুরস্কার বই বিক্রির পরিমাণ বাড়াতে এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জনে সহায়ক হতে পারে। বিখ্যাত এবং কুখ্যাত পুরস্কারপ্রাপ্তরা বিখ্যাত নোবেল পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন,নিলস বোর এবং মেরি কুরি, লেখক আর্নেস্ট হেমিংওয়ে এবং আলবার্ট কামু। অনুপ্রেরণামূলক কয়েকজন নেতা যেমন- নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র এবং মাদার তেরেসাকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কিছু পুরস্কার অবশ্য সময়ের সাথে সাথে সমালোচিত হয়েছে। যেমন: পর্তুগিজ স্নায়ু চিকিৎসাবিজ্ঞান ও সেরিব্রাল এনজিওগ্রাফির উদ্ভাবক এগাস মনিজের ১৯৪৯ সালের চিকিৎসাশাস্ত্রের পুরস্কার। ওই সময় লিউকোটমি অস্ত্রোপচার যা বর্তমানে লোবোটমি নামে পরিচিত-নিষিদ্ধ ছিল। অনেক শান্তি পুরস্কারও সমালোচিত হয়েছে। যেমন: হেনরি কিসিঞ্জার, ইয়াসির আরাফাত, ইয়িৎসাক রবিন এবং শিমন পেরেসের পুরস্কার। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর মৃত্যুর আগে তাকে পুরস্কৃত না করার বিষয়টিও সমালোচিত হয়েছে। |