
| Headline : |
|
পাবনার বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন
বার্তা প্রেরক:- কামাল সিদ্দিকী, পাবনা। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৬ সেপ্টেম্বর, ২০২২) :-
ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা, দেশবরেণ্য একুশে পদকপ্রাপ্ত প্রবীন সাংবদিক ও কলামিষ্ট, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক রণেশ মৈত্র মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকার পপুলার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, চার ছেলেমেয়েসহ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। দেশবরেণ্য প্রবীণ সাংবদিক ও কলামিষ্ট রণেশ মৈত্রের পরলোকগমনের খবর পাবনায় ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া।তাঁর সন্তান অষ্ট্রেলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি দেশে পৌঁছানোর পর পারিবারিক সিদ্ধান্তে শেষকৃত্য সম্পন্ন করা হবে। ১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহী জেলার ন’হাটা গ্রামে জন্মগ্রহণ করেন রণেশ মৈত্র। পৈত্রিক বাসস্থান পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামে। ১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নওবেলাল পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু। এরপর পর্যায়ক্রমে দৈনিক সংবাদে, ডেইলি মর্নিং নিউজ, ডেইলী অবজারভার, দ্য নিউ নেশন, দ্য ডেইলি স্টারের সাংবাদিকতা করেছেন। পরে তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে দেশের শীর্ষ পত্রপত্রিকায় কলাম লিখে সারাদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। রাজনৈতিক জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেলও খেটেছেন রণেশ মৈত্র। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা সাংবাদিকতায় একুশে পদকে ভুষিত হন। |