
| Headline : |
|
আলমাছউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা জামালসহ দু’জন গ্রেফতার, জেলহাজতে প্রেরণ
সাজিদুর রহমান :: কমলগঞ্জ
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা
(৩০ আগস্ট, ২০২২) :-
গতকাল ভোররাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রাম থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ আগস্ট রাত ৯টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে এসআই উজ্জল মিয়া সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে অভিযানটি পরিচালনা করেন। পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে পারভীন সুলতানা দীর্ঘ পাঁচ ঘন্টা সকল দরজা বন্ধ করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করেছিলেন। অবশেষে এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে রাত ২টার সময় শ্রীনাথপুর আলমাছউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন‘সুলতানা জামালকে শ্রীনাথপুরস্থ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এজাহার হতে জানা যায়, গত ৫ আগস্ট পূর্ব বিরোধের জের ধরে উক্ত প্রধান শিক্ষিকা এবং তার দুই ছেলে কয়েকজন সন্ত্রাসীসহ রাত তিনটায় অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী (৭৫) ও তার স্ত্রী আলেয়া বেগম চৌধুরীকে (৬০) কুপিয়ে মারাত্মক আহত করে এবং স্বর্ণ ও নগদ টাকাসহ আনুমানিক ১২ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যান। সন্ত্রাসীরা ডাকাতি এবং খুন করার উদ্দেশ্যে ঘরের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে ঘুমের মধ্যে কামাল উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী আলেয়া বেগম চৌধুরীর হাত,পা ও মুখ বেঁধে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো দা, চাকু, লোহার রড, দিয়ে মাথা, পা ও হাত লক্ষ করে এলোপাতারি কোপাতে থাকে। আহতদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। কমলগঞ্জ থানার পুলিশ এবং এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে একই এলাকার মৃত জামাল উদ্দিন চৌধুরী এর পুত্র চৌধুরী আসিফ বিন জামাল ওরফে তানিম (৩২), চৌধুরী সাদাব বিন জামাল ওরফে রাহিব (২২) এবং মৃত জামাল উদ্দিন চৌধুরী এর স্ত্রী পারভীন সুলতানা জামাল (৫৫)সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা (নং- ০৩/ তারিখ-০৬/০৮/২০২২ইং) দায়ের করেছিলেন।আসামীরা দীর্ঘদিন পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়েছিল। এজাহার নামীয় ২নং আসামী চৌধুরী সাদাব বিন জামাল ওরফে রাহিবকে সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে সুবিদবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। মামলার ১ নং আসামী চৌধুরী আসিফ বিন জামাল ওরফে তানিম এখনো পলাতক রয়েছে। তবে তদন্তকারী কর্মকর্তা জানালেন খুব শিগগিরই মামলার ১ নং আসামীকে গ্রেপ্তার করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, মামলার ৩ নং আসামী শ্রীনাথপুর আলমাছউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন‘সুলতানা জামালকে অদ্য ২৯ আগস্ট মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। উল্লেখ্য, প্রধান শিক্ষিকা পারভীন‘সুলতানা জামালের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অসংখ্য অভিযোগ বিদ্যমান রয়েছে। বিদ্যালয়ের জমি দখল, বিদ্যালয়ের টাকা আত্মসাৎসহ অসংখ্য অভিযোগের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী তার অপসারণ দাবি করছেন। |