
| Headline : |
|
শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০১ এপ্রিল, ২০২২) :-
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা। আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক কে এম আলী রেজা। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব বলেন, তৃণমূল পর্যায় থেকে তরুণ উদীয়মান খেলোয়াড় অনুসন্ধান এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার বিষয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে ক্রীড়া পরিদপ্তর। সারা দেশের প্রতিভাবান বালক-বালিকা অ্যাথলেট ও সাঁতারু বাছাই করে আটটি বিভাগীয় দল নিয়ে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন । আমরা আশা করছি এ টুর্নামেন্টের সফল আয়োজন দেশে প্রতিভাবান অ্যাথলেট ও সাঁতারুদের অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে। ৮টি বিভাগের ১১২ জন বালক এবং বালিকা অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। অনূর্ধ্ব ১৭ বছরের বালক এবং বালিকাদের দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় এ্যাথলেটিক্স এর ১০ টি এবং সাঁতার এর ১০ ইভেন্ট অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে বিভাগীয় দল। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর।উল্লেখ্য, আগামীকাল শনিবার মোহাম্মদপুরের সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে দুপুর ১২.৩০ টায় এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। |