
| Headline : |
|
এ স্বাধীনতাকে আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে
আমার প্রথম কথা, দেশের কোথাও হামলা করা যাবে না : ড. ইউনূস (ভিডিও সহ)
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৮ আগস্ট, ২০২৪) :-
দেশে ফিরে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত থাকুন দেশের মানুষের ওপর কোথাও হামলা হবে না। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা, সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন।’ আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন তিনি। এ সময় তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়কসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়করা) দেশকে রক্ষা করেছে।দেশকে পুনর্জন্ম করেছে। এই পুনর্জন্ম যে বাংলাদেশ পেল, সেই বাংলাদেশ যেন খুব দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। এটাই আমরা রক্ষা করতে চাই। আমরা এগিয়ে চলতে চাই। তিনি আরো বলেন, ‘আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে।’ ড. ইউনূস বলেন, এ স্বাধীনতাকে আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে তরুণ সমাজ এটিতে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এ স্বাধীনতা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। |